পহেলা অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১০:৫১

আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর এমডি এম এ এন সিদ্দিক। তবে এটা উদ্বোধনের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৭ জুলাই্) রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম অংশ (আগারগাঁও পর্যন্ত) পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।

এম এ এন সিদ্দিক জানান, প্রথম দুটি প্যাকেজে ১০০ কোটি টাকার বেশি সাশ্রয় হবে। উত্তরা থেকে প্রথম চারটি স্টেশনের এক্সিট এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট স্থাপনের কাজ চলছে।

তিনি জানান, ইতিমধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনো কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে।

প্রকল্পের এমডি আরো জানান, ইতিমধ্যে ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরম্যান্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি। পৃষ্ঠা ২ কলাম ৬

এম এ এন সিদ্দিক আরো জানান, হোলি আর্টজানে নিহতদের স্মরণে মেমোরিয়াল মনুমেন্ট উত্তরার এক্সিবিশন সেন্টারে স্থাপন করা হয়েছে। এটি তৈরি করে দিয়েছে জাপান। আগামী ২৪ জুলাই জাইকা প্রধান এর উদ্বোধন করবেন।

ইত্তেফাক/এমআর