সিরাজগঞ্জের কামারখন্দে পিকআপ ও লরির সংঘর্ষে পিক-আপের দুই যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুই যাত্রী।
শুক্রবার (০৮ জুলাই) ভোর রাত ৪ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, ভোর রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ যাত্রী নিয়ে যাচ্ছিলো। পিকআপটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে কয়েক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রী মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয় দুই যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
