খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১-এর ‘গ’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার মোরসালিন। স্কুল পর্যায়ে ‘গ’ ক্যাটাগরিতে “বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো” বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এই সাফল্য অর্জন করে।
মোরসালিন তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তালার খলিষখালী প্রিন্সিপ্যাল আখতারুজ্জামান কলেজের সহকারী অধ্যাপক কলিয়া গ্রামের এম, এম মুজিবুর রহমান ও উল্কা খাতুনের সন্তান মোরসালিন। এর আগে তালা উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। অদম্য মেধাবী মোরসালিন খুব শীঘ্রই জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
মোরসালিনের বাবা জানান, তার ছেলে মোরসালিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ নির্ধারিত বক্তৃতায় ‘খ’ গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কুইজ প্রতিযোগায় জেলা ও উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিভাগে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ সালে উপস্থিত বক্তব্যে তালা উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
এছাড়া মোরসালিন চলতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বাংলাদেশ স্টাডিজে ‘খ’ গ্রুপে উপজেলায় প্রথম, অমর একুশে বইমেলায় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রচনা প্রতিযোগিতায় প্রথম, আন্তর্জাতিক নারী দিবসে কুইজ প্রতিযোগিতায় প্রথম, নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম, ৭ মার্চে রচনা প্রতিযোগিতায় ৩য়, ১৭ মার্চে রচনা প্রতিযোগিতায় প্রথম, ২৬ শে মার্চে রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মো. মহিনুর রহমান জানান, অদম্য মেধাবী মোরসালিন উপজেলা ও জেলা ছাপিয়ে খুলনা বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। শীঘ্রই জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে সে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান তার সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
