আবের ওপর হামলা ‘বর্বর’: জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪:০২

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে তিনি অভিহিত করেছেন ‘বর্বর’ হিসেবে। শুক্রবার (৮ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে সকালে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

কিশিদা বলেন, শিনজো আবেকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’। আমি অন্তর থেকে প্রার্থনা করছি যেন তিনি বেঁচে যান এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, এ ঘটনাটি ‘ক্ষমার অযোগ্য’। এখন চিকিৎসকরা তাদের সাধ্যের মধ্যে সবকিছু করছেন। এ মুহূর্তে আমি আশা করছি এবং প্রার্থনা করছি সাবেক প্রধানমন্ত্রী আবে বাঁচবেন।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করব।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে।

ইত্তেফাক/টিআর