পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে গরুর খাদ্য শুকনো ঘাস (খড়), গাছের গুঁড়ি (মাংস কাটার খাট্টা) ও চাটাইয়ের ব্যবসা এখন জমজমাট। অনেকে মূল ব্যবসার পাশাপাশি এই মৌসুমি ব্যবসা শুরু করেছেন। অল্প পুঁজি খাটিয়ে বেশি লাভের আশায় প্রতি বছর অনেকেই ব্যবসা বেছে নেন।
রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা যায়, খড়, ভুসি, ঘাস, মাংস কাটার খাট্টা ও চাটাই নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। ক্রেতারা দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে শুধু দাম জিজ্ঞাসা করছেন। কারণ তারা এখনো কোরবানির পশু কেনেননি।
লালবাগ কেল্লার মোড়ে খড়, ভুসি, ঘাস নিয়ে বসে আছেন মো. সোহাগ। তিনি জানান, তার মূল ব্যবসা চা বিক্রি করা। ঈদুল আজহা এলেই তিনি খড়, ভুসি, ঘাস বিক্রি করেন।
সোহাগ আরও জানান, প্রতি আঁটি খড় ১৫, কাঁচা ঘাস ২০ টাকা, ছোলার ভুসি প্রতি কেজি ৬০ টাকা ও গমের ভুসি ৭০ টাকা কেজি বিক্রি করছেন। তিনি গাবতলী থেকে এ মাল এনেছেন। মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করে তিন থেকে চারদিনে ১৫-২০ হাজার টাকা লাভ করা হয়।
ফরিদপুর থেকে গাছের গুঁড়ি (মাংস কাটার খাট্টা) বিক্রি করতে রাজধানীর হাতিরপুল এলাকায় এসেছেন তৈয়ব খান। তিনি জানান, তার মূল ব্যবসা গাছ কেনাবেচা। সকাল থেকে ১০ থেকে ১২টা গুড়ি বিক্রি করেছেন। বিকেলে ও আগামীকাল আরও বেশি বিক্রি হবে।
তৈয়ব খান আরও জানান, গাছ কিনে তিনি মিল থেকে গুঁড়ি তৈরি করেছেন। এজন্য তার উৎপাদন খরচ কম হয়েছে। বেশি লাভের আশায় ৫ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে রাজধানীতে এসেছেন।
পলাশী বাজারে খড় নিয়ে আসা মো. সোহেল জানান, তার মুল ব্যবসা ফলের। প্রতি বছরের মতো এবারও তিনি খড়, ঘাস, চাটাই বিক্রি করছেন। ব্যবসা ভালো হলে তিনদিনে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হবে।
