শেখ হাসিনাকে এই দেশের জন্য বাঁচিয়ে রাখতে হবে: ইকবাল হোসেন অপু

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৭:২৮

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের জন্য বাঁচিয়ে রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা ৫০ বছর পিছিয়ে গেছি। জাতির পিতার কন্যার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। 

শরীয়তপুর সদরে পালং হরিসভায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রথমেলার উদ্বোধন অনুষ্ঠানে আগত হিন্দু ধর্মাবলম্বীরা।

শুক্রবার (৮ জুলাই) শরীয়তপুর সদরে পালং হরিসভায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রথমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশ বিশ্ব দরবারে এক অনন্য নাম। বিশ্বে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার প্রশংসা করেন। তাকে দেখে অবাক হন আর ভাবেন কিভাবে একটি নিম্ন আয়ের দেশকে এত উন্নত করেছেন তিনি।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক, সক্ষমতার ও সাহসিকতার প্রতীক। এর সফল নায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্নয়নের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়েছেন তিনি।

 

 

ইত্তেফাক/এমএএম