২৫০ বছরের পাখির হাট বন্ধ করে দিলো মুক্তির বন্ধন ফাউন্ডেশন

আপডেট : ১০ জুলাই ২০২২, ০০:৪১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী ইউনিয়নের খলবলা বাজারস্থ শিবমন্দির প্রাঙ্গণে ২৫০ বছর ধরে চলা পাখির হাট বন্ধ করে দিয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। শুক্রবার (৮ জুলাই) এ হাট বন্ধ করে দেওয়া হয়। 

রথযাত্রা ও উল্টো রথযাত্রা পালিত হয়ে আসছে ২৫০ বছর ধরে। এই রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দেশীয় পাখির বিরাট হাট বসে। 

এবার রথযাত্রার দিনে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পাখি ক্রেতা-বিক্রেতাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করে ও সতর্ক করে।

সে অনুযায়ী উল্টো রথযাত্রায় সংগঠনের স্বেচ্ছাসেবী দল সকাল থেকেই অবস্থান নেয় এবং শতাধিক দেশীয় শালিক, টিয়া, দোয়েল, কালিম, ঘুঘু পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করে। পাখি বিক্রেতারা অঙ্গীকার করেন- তারা আর কখনোই এমন অপরাধ করবেন না।

মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় ২৫০ বছর ধরে চলে আসা দেশীয় পাখির হাট চিরতরে বন্ধ করা দেওয়া হয়।

ইত্তেফাক/এএএম