শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট। রাত পোহালেই কোরবানি। শনিবার (৯ জুলাই) রাত ৮ টার দিকে কোরবানির পশু কিনতে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে।
ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ার কারণে তারা গরু কিনতে পারছেন না। অন্যদিকে বিক্রেতারা বলছেন, তারা দাম পাচ্ছেন না।
এক বিক্রেতা জানান, পাঁচদিন আগে ২০টি গরু নিয়ে এসেছেন। সেখান থেকে ১২টি গরু বিক্রি করতে পেরেছেন।
শেষ মুহূর্তে ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু কিনছেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে হাটে এসেছেন কোরবানির পশু কিনতে। ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দমতো পশু কিনে বাড়ি ফিরছেন। তবে ছোট গুরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতরা।
স্থানীয় বাবু মিয়া নামে এক ক্রেতা বলেন, ‘গরুর দাম অনেক বেশি। ৬০ হাজার টাকার গরু ৯০ হাজার টাকার বেশি দাম চাচ্ছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাকবাড়িয়া থেকে গরু বিক্রি করতে এসেছেন মো. ছগির হোসেন। তিনি বলেন, ‘৫ টা গরু নিয়ে এসেছি। এর মধ্যে ৩টি বিক্রি করেছি।’
বরিশালের মুলাদী থেকে গরু বিক্রি করতে এসেছেন নুরনবী। তিনি ২০টা গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘বাজারের অবস্থা খুব খারাপ। গরু বিক্রি করতে পারছি না। যেসব গরুর দাম ১ লাখ ৯০ হাজার, সেগুলো ক্রেতারা দাম বলছে ১ লাখ টাকা।’
