সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে তিনি একের পর এক চমক দিয়েছেন ভাইরাল গান নিজের কণ্ঠে গেয়ে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।
এবার তিনি হাজির হয়েছেন ঈদুল আজহায় বর্তমান সময়ের মডেল রিয়া মনিকে নিয়ে। ‘জানি তুই শুধু আমার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। শনিবার (৯ জুলাই) হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন না পার হতেই গানটির হাজার হাজার ভিউ হয়েছে। যা এখন ভাইরাল হওয়ার পথে।
প্রকাশিত এই গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। তাই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভক্তদের নতুন গান উপহার দিলাম। এই গানের মাধ্যমে এখন নতুন লুকে আমাকে দেখা যাবে। তবে অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে।’
তিনি আরও বলেন, ‘তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’
