সিরাজগঞ্জের তাড়াশে শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বস্তুল বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের ওই বাজারে বস্তুল, পলাশি, পঁওতা, রানীদিঘী, লাউশন, মনোহরপুর, বদ্যনাথপুরসহ আশপাশের গ্রামের কয়েকশ মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, ডা. আবুল কালাম আজাদ, শিক্ষক কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ি আতাউর রহমান, মনিরুজ্জামান, হাটের ইজারাদার মোজদার হোসেন প্রমূখ।
আরও পড়ুন: সাতক্ষীরায় ৩০ চুরি মামলার আসামির লাশ উদ্ধার
বক্তারা বলেন, বস্তুল বাজারের সরকারি জায়গায় তারা দোকানঘর তুলে যুগযুগ ধরে ব্যবসা করে আসছেন। ইতোমধ্যে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে তাদের উচ্ছেদ করা হয়েছে। ব্যবসা হারিয়ে ক্ষতিগ্রস্তরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এভাবে উচ্ছেদ অভিযান চলতে থাকলে বাজারের শতাধিক ব্যবসায়ি পথে বসে যাবেন। একই সাথে শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বস্তুল বাজারটিও একদিন হারিয়ে যাবে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, নিয়মানুযায়ী বস্তুল বাজারের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে কেউ ব্যবসা করতে চাইলে সরকারি বিধিবিধান মেনে করতে পারেন।
ইত্তেফাক/এমআরএম
