দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন।
এ বিষয়ে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন, প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন।
দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রচণ্ড টান পড়ায় জ্বালানি তেল, খাদ্য এবং ওষুধ পর্যন্ত আমদানি করতে পারছে না সরকার।
এরই প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে 'আর্থিক অব্যবস্থাপনার' অভিযোগে গত কয়েকমাস ধরে দেশটির সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে। কিন্তু শনিবার পরিস্থিতি চরম আকার নেয় যখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কলম্বোতে এসে শহরের যে এলাকায় সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়ে।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে, 'গোটা গো হোম' (গোটা বাড়িতে চলে যাও) স্লোগান দিতে দিতে অনেক মানুষ জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।
একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে দেশটির পতাকা উড়াতে দেখা যায়। এছাড়া বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের বিছানায় সেলফি তুলেছে এবং তাদের ফার্নিচারে বসতে দেখা গেছে।
