চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৭:৫৮

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১০ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার জাফরপুর গ্রামের ফরজ আলী মন্ডল (৭০) ও দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ইনামুল ইসলাম (৩২)।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, ইনামুল হক হাসপাতালে পৌঁছানোর আগে এবং ফরজ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনই মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে জাফরপুর বিজিবি সদর দফতরের সামনে বৃদ্ধ ফরজ আলী সড়ক দুর্ঘটনায় আহত হন। 
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে দুপুর ১ টার দিকে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া-নতুন গ্রামের মাঝামাঝি এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেই ইনামুল ইসলাম নিহত হন।

দুমাড়হুদা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, নিহত ইনামুল ইসলামের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএএম