ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৭:০০

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরি ও আড়পাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১১ জুলাই) মানিকগঞ্জ সদর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ডের কাছে দুপুরে এবং শিবালয় উপজেলার আড়পাড়া মোড়ে সকালে এ ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে থানার ট্রফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলে ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক জুবায়ের (১৪) মারা যায়। গুরুতর আহত তার বন্ধু তুষারকে (১৫) মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঈদের ছুটিতে পাটুরিয়া ঘাটে বেড়াতে যাচ্ছিলো। পুলিশ বাসটি জব্দ করেছে। 

অপর দিকে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার মেগাফিড কারখানার দক্ষিণে ট্রাকচাপায় আব্দুল্লাহ আল মামুন মামুন (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন নিহত মামুন মানিকগঞ্জ সদর উপজেলা চর ঘোস্তা গ্রামের জসিম উদ্দিনের পুত্র। মামুনের ভাগ্নে আহত তাহিদুল উথলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা ঈদের ছুটিতে মাগুরায় বেড়াতে যাচ্ছিলেন। বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

ইত্তেফাক/এএএম