সুজানগরের অধিকাংশ চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। সেই সঙ্গে ঐসব দোকানে টাকা দিয়ে জুয়া খেলার মতো ক্যারাম খেলা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ হাটবাজার এবং বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান। ঐসব চায়ের দোকানে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বেচাকেনা বেশি করার লক্ষ্যে রাখা হয়েছে বিশাল বড় বড় রঙিন টেলিভিশন এবং ক্যারামবোর্ড।
উপজেলার মোমিনপাড়া গ্রামের জামাল উদ্দিন বলেন, চায়ের দোকানে রাখা ঐসব টেলিভিশনে অশ্লীল সিনেমা প্রদর্শনের পাশাপাশি কুরুচিপূর্ণ ভিডিও গান পরিবেশন করা হয়। একশ্রেণির বেকার ভবঘুরে লোকজনের পাশাপাশি স্কুল-কলেজের ছাত্ররা বিকাল থেকে অনেক সময় রাত ১০/১১টা পর্যন্ত ঐসব দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়ার পাশাপাশি তারা বিপত্গামী হচ্ছে। তাছাড়া টাকা দিয়ে ক্যারাম খেলাকে কেন্দ্র করে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে বলেও তিনি জানান।
সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, খোঁজখবর নিয়ে শিগ্গিরই চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টেলিভিশনে সিনেমা দেখা বন্ধ করা হবে।
