কাহারোলে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষিরা

আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫:০৪

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের চাষিরা পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না। দীর্ঘ দিন থেকে কাহারোল উপজেলায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে মহাবিপদে পড়েছেন তারা।

কাহারোল উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা মো. আশরাফ আলী বলেন, এবার চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫৯২ জন পাট চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। তারা পয়েছেন ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি এমওপি এবং ৩ কেজি টিএসপি সার।  এবার তেমন বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে পারছেন না কৃষকরা। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তা অতিক্রম করে এবার ৩৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। 
সাহাপুর গ্রামের পাট চাষি সুবাশ চন্দ্র রায় জানান, তিনি এবার ২ একর পাট চাষ করেছেন, পানির অভাবে পাট জাগ দিতে না। জমি থেকে পাট কাটছেন না।

অপর কৃষক অনিল চন্দ্র রায় বলেন, ১০দিন আগে পাট কেটে জাগ দিয়েছি অল্প পানিতে। পানি কম থাকার কারণে পাটের আশগুলো ছাড়ানো যাচ্ছে না।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, এবার উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। কিন্তু আকাশে বৃষ্টি না থাকার কারণে ডোবাতে পানি নেই। তাই কৃষকেরা পাট কেটে জাগ দিতে পারছেন না। যেহেতু বৃষ্টি নেই, তাই আপাতত পাট না কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া গেছে।

ইত্তেফাক/মাহি