চট্টগ্রাম জেলার সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। তিনি এলাকায় স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা স্থাপন ও লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করে কল্যাণকর বিশাল কর্মযজ্ঞ গড়ে তুলেছেন। তার জীবন ও কর্মর্কীতি নিয়ে চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. আজাদ বুলবুল ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ নামক একটি গ্রন্থ প্রকাশনা করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) সকালে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে এ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক ও চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুর পরিচালনায় অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম।
বিশেষ অতিথি ছিলেন-চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বৃহত্তর করদাতা ইউনিটের কমিশনার মো. ইকবাল হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম মো. সেলিম চৌধুরী, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল রায়।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদনাকারী ড. আজাদ বুলবুল।
