চাউল না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ১০ জুন ২০১৯, ১৬:১৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারের দেওয়া ভিজিএফের চাউল না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার ও নীলফামারী জেলা প্রশাসক বরারর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারী সুবিধাভোগীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সুবিধাভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকার ২০১৮-১৯ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রত্যেক সুবিধাভোগীদের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফ চাউল বিতরণের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ হাজার পাঁচশ ৪৭টি পরিবারের জন্য আটশ ৪৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। 

এর মধ্যে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ছয় হাজার নয়শ ৬৪টি পরিবারের জন্য ১০৪ পয়েন্ট ৪৬০ মেট্রিকটন চাউল বরাদ্দ দেওয়া হয়। মানবিক কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে গত মাসের ২৮, ২৯, ৩০ মে তারিখের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান গত মে মাসের ৩০ তারিখে চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এলেজা বেগম, শাহিনা বেগমসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা ৩০ তারিখে ইউনিয়ন পরিষদে চাউল নিতে আসি। কিন্তু পাইনি। গত জুন মাসের ৪ তারিখে পুনরায় ইউনিয়ন পরিষদে চাউল নিতে এলে চেয়ারম্যানের ছোট ভাই আনিছার রহমান আমাদের অশালীন ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুন: আইএস পরিবারের ১২ এতিম শিশুকে গ্রহণ করলো ফ্রান্স

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম জানান, ৩০ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত আমি ছয় হাজার সুবিধাভোগীদের মধ্যে চাউল বিতরণ করেছি। যারা চাউল পাননি তাদের স্লিপ উপজেলা চেয়ারম্যান দিয়েছেন। ৪ তারিখ দুপুরের পর তালিকা দেওয়ায় কারণে এমনটি হয়েছে। কাউকে আমি গালাগাল করিনি। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঈদের আগে ৪ জুন চাউল বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সুবিধাভোগীরা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি