কামিন্সের কন্ঠে শ্রীলঙ্কার দুর্দশার চিত্র

আপডেট : ১২ জুলাই ২০২২, ১৯:৪৬

ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। পুরো দেশে সরকার বিরোধী বিক্ষোভ করছে সাধারণ মানুষরা। এর মধ্যেই দেশটিতে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে পরাজয় এবং টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে অজিরা। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে ফল আশানুরুপ না হলেও শ্রীলঙ্কার আতিথ্যে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। একই সঙ্গে দ্বীপরাষ্ট্রটির মানুষের কষ্টও নাড়া দিয়েছে তাদের।

গলে দ্বিতীয় টেস্ট চলাকালীন গ্যালারিতে স্বাগতিক সমর্থকরা বিক্ষোভও করেছে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই বর্ণনা করেছেন অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘যে প্রতিবাদ হলো সেটি এড়িয়ে যাওয়ার প্রশ্নই আসে না। দেশ (অস্ট্রেলিয়া) থেকে অনেক খুদেবার্তা এসেছে। সবকিছু কেমন চলছে? আশা করি সবকিছু ঠিকঠাকই আছে, এসব লেখা। তবে আমরা এখানে কোনো সমস্যা অনুভব করিনি।’

এ সময় লঙ্কানদের দুর্দশার চিত্রও তুলে ধরেছেন তিনি। অজি অধিনায়ক বলেন, ‘হোটেলের কয়েকজন কর্মচারী ও ড্রাইভারের সঙ্গে কথা বলেছি। তারা অনেক কষ্টে আছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে তারা একদিন খেলে পরের দিন আর খাচ্ছেন না।’

ইত্তেফাক/টিএ