প্রতীক পেলো হবিগঞ্জের মেয়র প্রার্থীরা

আপডেট : ১০ জুন ২০১৯, ১৬:৩৪

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে একজন বিএনপির, বাকি চারজন আওয়ামী লীগ নেতা। একমাত্র প্রার্থীর পক্ষে ভোটার টানতে সরব বিএনপি নেতারা। 

জানা গেছে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজানকে (নৌকা), জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানকে (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে (নারিকেল গাছ), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলীকে (চামচ) এবং বিএনপি নেতা এম. ইসলাম তরফদার তনুকে (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

আরও পড়ুন: চাউল না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

এর আগে রবিবার প্রার্থিতা প্রত্যাহার করেন পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/অনি