বার্সেলোনা নিয়ে অনেক কথাই বললেন আলভেস

আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:৫৩

বয়স ৩৯ হলেও এখনো ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেস। প্রস্তুতি নিচ্ছেন আসন্ন কাতার বিশ্বকাপে হলুদ জার্সিতে খেলার। কিন্তু তার আগে এখন তাকে নতুন ক্লাব খুঁজতে হচ্ছে। দ্বিতীয়বার বার্সেলোনায় এসে এক বছরেরও কম সময় থাকার পর তাকে আবার বিদায় নিতে হয়েছে। মূলত কাতালুনিয়ানরা আলভেসের সঙ্গে নতুন করে আর চুক্তি বাড়ায়নি।

বিষয়টি মেনে নিলেও বিদায় দেওয়ার প্রক্রিয়াটি পছন্দ হয়নি আলভেসের। তিনি একটু সম্মান চেয়েছিলেন। কিন্তু সেটা পাননি বলেই দাবি। এমনকি এটাও বলেছেন যে, যারা ক্লাবের জন্য ইতিহাস তৈরি করেছে তাদেরকে পাত্তা দেয় না বার্সেলোনা। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরতে পেরে খুবই খুশি ছিলাম। এই দ্বিতীয় ধাপের জন্য আমি পাঁচ বছর স্বপ্ন দেখেছি। একমাত্র যে জিনিসটি আমার পছন্দ হয়নি তা হলো যেভাবে আমাকে বিদায় দিয়েছে তারা।’

তিনি বলেন, ‘বার্সেলোনায় পৌঁছার পর থেকেই আমি এটা স্পষ্ট করেছি যে, আমি এখন আর ২০ বছরের না। যা করবো সব স্পষ্ট এবং কোনোকিছু লুকাবো না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্লাব কিছু ভুল কাজ করছে। যারা ক্লাবের জন্য ইতিহাস তৈরি করেছে তাদেরকে পাত্তা দেয় না বার্সেলোনা। ক্লাবটির একজন সমর্থক হিসেবে আমি চাই তারা ভিন্নভাবে কাজ করুক।’

জাভির প্রতি কৃতজ্ঞতা

যাইহোক, ব্রাজিলিয়ান তারকা এটা স্বীকার করেছেন যে, বার্সেলোনায় আবারও ফিরে আসতে পারা তার ক্যারিয়ারের জন্য দারুণ সুযোগ ছিল। বিশেষ করে সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের অধীনে খেলতে পারা। আলভেস বলেন, ‘আমাকে পুনরায় নিয়ে আসার জন্য জাভি ও ক্লাব প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। আমি একটা ক্লাব পেয়েছি, যেখানে তারুণ্য ভরপুর। সঙ্গে মাঠে অবিশ্বাস্য সব আইডিয়া।’

আবারও পূর্ণশক্তি ফিরে পেতে বার্সেলোনাকে কী কী করতে হবে সেটাও বলেছেন আলভেস। তিনি বলেন, ‘মাঠের বাইরের কাজে ক্লাবকে আরও উন্নতি করতে হবে। কয়েক বছর আগে আমরা যা তৈরি করে গিয়েছি, তার থেকে এখনকার মানসিকতা সম্পূর্ণ বিপরীত। মাঠে যা ঘটছে তা মাঠের বাইরের কাজের প্রতিচ্ছবি।’

ইত্তেফাক/টিএ