নারী ফুটবলে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার তিনি। গত বছর ফিফা দ্য বেষ্ট, ব্যালন ডি'অর জিতেছেন। হয়েছেন অংশগ্রহণ করা সব টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। চলমান নারী ইউরোতে ছিলেন স্পেন দলের সবচেয়ে বড় ভরসা। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন চোটে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। এবার আলেক্সিয়া পুটেলাসের জন্য আরও বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা। চোট থেকে সুস্থ হতে অন্তত এক বছর সময় লাগবে।
পায়ের সামনের ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএলে চোটাক্রান্ত হয়েছেন পুটেলাস। এটি অন্যতম লিগামেন্ট, যা হাঁটুর জয়েন্ট শক্তিশালী করতে সহায়তা করে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে পুটেলাসের অপারেশন হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই বার্সেলোনা জানিয়েছে, তাদের অধিনায়ককে আগামী ১০-১২ মাস মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ ২০২২/২৩ পুরো মৌসুমই তাকে মিস করতে হবে। এমনকি আগামী বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপেও খেলতে পারবেন না স্প্যানিশ অধিনায়ক!
গত কয়েক বছর ধরেই ক্যারিয়ারের সেরা সময় পার করছেন পুটেলাস। সদ্য শেষ হওয়া মৌসুমটাও দুর্দান্ত খেলেছেন ২৮ বছর বয়সী এই তারকা। স্পেন, বার্সেলোনা এবং পুরো বিশ্বেই নারী ফুটবলারদের কাছে তিনি অনুপ্রেরণার অপর নাম।
