বিয়েতে মেহমান বেশি আসাকে কেন্দ্র করে বরপক্ষের উপর কনে পক্ষের হামলায় অন্তত ১৫ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ৩টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামে এ ঘটনা ঘটে।
কনে পক্ষের হামলায় হাবীব(৩০), রহমত উল্যাহ(৫০), সুমন(৩৫), জিলানী(২৫), হানিফ(৪৫), হাফিজা(২০), হাজেরা(৪৫), সহ অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে হাবীব(৩০), রহমত উল্যাহ(৫০) গুরুতর আহত। বরপক্ষের আহতদের মধ্যে বরের খালাতো ভাই হাবীব উল্যাহ(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্যান্যরা স্থানীয় বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে বিল্লাল হোসেন, খোকন মিয়া, দুলাল হোসেনসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর দক্ষিণ পাড়ার শাহ আলম সরকারের মেয়ের শারমিনের সাথে মুদাফর উত্তর পাড়ার কালাম প্রধানিয়ার ছেলে মেহেদী হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার নির্ধারিত দিনে বরপক্ষের খওয়া দাওয়া চলছিল। বিয়ের অনুষ্ঠানে কনে পক্ষের বাড়িতে বরপক্ষ ১শ' মেহমান নিয়ে আসার কথা থাকলেও কনেপক্ষের অভিযোগ বরপক্ষ আরও বেশি মেহমান নিয়ে এসেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরপক্ষের উপর কনে পক্ষের কিছু উশৃংখল যুবক হামলা চালায়।
এদিকে কনের বাবা শাহ আলম সরকার দাবি করেন তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
