নড়াইলে হোমিওপ্যাথি কলেজের নৈশপ্রহরীর লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০১৯, ১৬:৫৭

নড়াইল শহরের মাছিমদিয়ায় তেল পাম্প এলাকা থেকে নড়াইল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নৈশপ্রহরী মান্নান শেখের (৫৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ভাড়ায় মোটরসাইকেলও চালাতেন। 

নিহত মান্নান শেখ নড়াইল সদরের বল্লারটোপ গ্রামের ইয়াকুব শেখের ছেলে। পরিবারসহ হোমিওপ্যাথি কলেজের পাশেই ভাড়া বাসায় থাকতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মান্নান শেখ রবিবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট থেকে দুইজন যাত্রী নিয়ে সদরের মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১২টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়ায় তেল পাম্প এলাকায় এলে মান্নান ‘বাঁচাও বাঁচাও...’ বলে চিৎকার দেন। স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মান্নানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নাটোর কারাগারে হাজতির মৃত্যু

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, মান্নানকে হত্যা করলেও তার ভাড়ায় চালিত মোটরসাইকেলটি পাশেই পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু