২৫ বছরে প্রথমবার র‌্যাংকিংয়ের বাইরে ফেদেরার

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:২০

শুরুটা ১৯৯৭ সালে। সেই থেকে টানা ২৫ বছর ধরে এটিপি র‌্যাংকিংয়ে রজার ফেদেরারের নামটি অবধারিত ছিল। কিন্তু এবার ছেদ পড়ল সেই ধারাবাহিকতায়।

ক্যারিয়ারের প্রথমবারের মতো র্যাংকিংয়ের বাইরে চলে গেলেন এই সুইস তারকা। ইনজুরিতে না থাকলে হয়তো এই অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হতো না ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সবশেষ ৫২ সপ্তাহে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে টেনিস খেলোয়াড়দের র্যাংকিং তৈরি করা হয়।

এসময়ে কোনো ম্যাচ না খেলায় র্যাংকিংয়ে নিজের নামটাও হারাতে হলো ফেদেরারকে। গত বছর উইম্বলডনের পর হাঁটুর অস্ত্রোপচার করায় লম্বা সময় কোর্টের বাইরে আছেন তিনি। এখনো ফিট হয়ে উঠতে পারেননি।

অক্টোবরে নিজ দেশ সুইজারল্যান্ডের এক টুর্নামেন্টে আবারও র‌্যাকেট হাতে দেখা যেতে পারে তাকে।

ইত্তেফাক/এমআর