যুক্তরাষ্ট্র ও ভারতে নতুন দূত নিয়োগ দিয়েছে সরকার। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আর ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেভোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান ভারতের আগে সংযুক্ত আরব আমিরাতে এবং এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। মোহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
অপরদিকে, রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান জেনেভার আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। পেশাদার এ কূটনীতিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
