পটুয়াখালীর বাউফলে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে হামলা চালিয়ে এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের আসবাব ভাঙচুর ও কুপিয়ে তছনছ করে এবং টিনের বেড়া খুলে পুকুরে ফেলে বসতঘর থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালায় হামলাকারীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের ভাষ্য, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকার মো. আলতাফ মৃধার (৫৭) সঙ্গে একই উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরআলগীর আবদুল বারেকের (৬০) জমি নিয়ে বিরোধ চলছে। ঐ বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আবদুল বারেকের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী ঘর উচ্ছেদের জন্য ঐ হামলা চালিয়েছে। ভুক্তভোগী আলতাফ মৃধার স্ত্রী মমিননেছা বেগম বলেন, প্রথমে সন্ত্রাসীরা তার কেটে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। তারপর রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীসহ তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩০) পুলিশের হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের আগেই তারা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আবদুল বারেক। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, জমির বিরোধের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
