পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের কিলঘুসিতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৩:৪৩

নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামে বুধবার সকালে পাওনা ১০০ টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের কিলঘুসির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আয়াতুল ইসলাম (৪০)। এ ঘটনায় রিপন ফকির নামে অভিযুক্ত এক জনকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ী আয়াতুল ইসলাম কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রিপন ফকিরের কাছে ব্যবসায়ী আয়াতুল ইসলাম ১০০ টাকা পেতেন। এ টাকা চেয়ে তাগিদ দেওয়ার ফলে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়েছিল। বুধবার সকালে ঝগড়ার এক পর্যায়ে কিলঘুসির আঘাতে গুরুতর আহত হন আয়াতুল ইসলাম। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়াতুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে। তাকে হত্যা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ইত্তেফাক/এমএএম