বার্সায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:১৫

চেলসির সঙ্গে চুক্তিটা প্রায় করেই ফেলেছিল লিডস ইউনাইটেড। কিন্তু মোটা অঙ্কের বেতনের প্রস্তাবের পরও রাফিনহা কোনোভাবেই তাতে সম্মতি দেননি। বার্সেলোনা ছাড়া আর কোনো ক্লাবে যেতে রাজি নন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিন শেষে তার স্বপ্ন সত্যি হলো। আগামী মৌসুমে বার্সার জার্সিতেই দেখা যাবে তাকে।

মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে এখনো লড়াই করছে বার্সা। ধীরে ধীরে আরও সাবলীল হয়ে উঠছে আর্থিকভাবে। দলবদলের মৌসুমে রাফিনহা তাদের তৃতীয় সাইনিং। লিডসকে ৫৮ মিলিয়ন ইউরো (প্রায় ৫৪৭ কোটি টাকা) দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই মৌসুম কাটিয়েছেন ২৫ বছর বয়সী রাফিনহা। প্রথম মৌসুমে ৩১ ম্যাচে করেন ৬ গোল। দ্বিতীয় মৌসুমে ৩৬ ম্যাচে ১১ গোল ও ১২ অ্যাসিস্ট করার পাশাপাশি ক্লাবকে রেলিগেশনের হাত থেকে বাঁচান তিনি। তাছাড়া দারুণ উন্নতি দেখান ব্যক্তিগত পারফরম্যান্সে। উইংয়ে বেশ কার্যকর একজন ফুটবলার। তাই ট্রান্সফার মার্কেটে হটকেকে পরিণত হন তিনি। কিন্তু বার্সা ছাড়া আর কারো কথা কানে নেননি।

জাতীয় দলে ব্রাজিলের হয়ে ৯ ম্যাচ খেলে ৩ গোল আছে এই ফরোয়ার্ডের। এদিকে, অনেক জল্পনা-কল্পনার পর বার্সাতেই থাকছেন ওসমান ডেম্বেলে। কাতালানদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। রাফিনিয়ার পর বার্সার পরবর্তী টার্গেট রবার্ট লেভানডস্কি। আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় খেলার ইচ্ছা অনেকবারই প্রকাশ করেছেন এই পোলিশ স্ট্রাইকার।

ইত্তেফাক/টিএ