উত্তরায় ঋণের টাকা শোধ করতে চুরি, দম্পতি গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৭:৪০

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে মো. জসিম উদ্দিন (২৫) ও খুশি আক্তার (২২) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গুদাম থেকে সিগারেট চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। ঝামেলাহীন ও নিরিবিলি কাজ সারতে ঈদের দিনকে চুরির জন্য বেছে নেয় তারা। ঋণের টাকা পরিশোধের জন্যই মূলত চুরির পরিকল্পনা করে তারা।

উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের প্লট নম্বর ১-এ মেসার্স বিসমিল্লাহ স্টোরের নামে একটি গুদাম আছে। ঈদের দিন রাতে গুদামের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টন সিগারেট চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে জসিম, তার স্ত্রী ও অন্যদের শনাক্ত করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেফতার করাসহ তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের তিন কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত জসিম নিজেও ব্যবসায়ী। তার মোবাইল লোডের একটি দোকান আছে। সে জানায়, তার বিভিন্ন জায়গায় ৮০ হাজার টাকার ঋণ ছিল। তা পরিশোধ করতেই স্ত্রীসহ এই চুরির পরিকল্পনা করে। দুই মাস ধরে তারা এই পরিকল্পনা করে আসছিল। ঈদের দিন মানুষজন কম থাকে তাই এই দিনকেই বেছে নেয় তারা। পরিকল্পনা অনুযায়ী জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তিন জন গুদাম থেকে কার্টন নিয়ে আসে। আর স্ত্রী খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানায়। কিন্তু সিসিটিভি ফুটেজে তাদের সব ধরা পড়ে যায়। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমএএম