প্রত্যাবর্তনটা সুবিধার হলো না তাসকিনের

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৮:৫০

আহা, কী দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। ক্যারিয়ারে প্রথম বার সিরিজ সেরা ক্রিকেটার হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন। যার কারণে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাসকিনকে।

চিকিৎসা, রিহ্যাব শেষে জাতীয় দলে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে অবশ্য বোলিংয়ে ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করতে হচ্ছে তাকে। এখন পর্যন্ত দুই ফরম্যাটে দুটি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এ পেসার। উইকেটের দেখা পাননি, বল হাতে ম্যাচে বলার মতো প্রভাব ফেলতে পারেননি। কাকতালীয়ভাবে দুই ম্যাচের পরই একাদশ থেকে বাদ পড়েছেন তিনি।

ক্যারিবিয়ানে এসে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের প্রত্যাবর্তন হয়েছে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ডমিনিকায় উইন্ডিজ ব্যাটসম্যানদের কাছে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন তিনি। ৩ ওভারে ৪৬ রান দিয়ে খরুচে বোলিং করেছেন তাসকিন। পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন। গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে আবারও একাদশে ঠাঁই পান ডানহাতি এ পেসার। ৮ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তাসকিন।

বল হাতে উইকেটের সন্ধান না পাওয়া এ তরুণ পেসারকে গতকাল একাদশ থেকে ছেঁটে ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। সেদিক থেকে মোসাদ্দেকের এটি এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। টস জিতে বোলিং করেছিল বাংলাদেশ।

কন্ডিশন বিবেচনায় একাদশে পরিবর্তনের পথে হেঁটেছে বাংলাদেশ দল। তাসকিনের বাদ পড়ার প্রসঙ্গে গতকাল টস জয়ের পর বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, আমরা একজন বোলার কমিয়ে ব্যাটসম্যান বাড়িয়েছি। আমরা সাধারণত তিন পেসার নিয়েই খেলি। আজ (গতকাল) দুই জন পেসার একাদশে। তাই দুর্ভাগ্য তাসকিনের, সে একাদশে নেই।

গতকাল একাদশে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ বাদ পড়েন একাদশ থেকে। তাদের জায়গায় একাদশে সুযোগ পান আলজারি জোসেফ ও কেমু পল।

ইত্তেফাক/এমআর