যুগের সঙ্গে তাল মিলিয়ে কে না চলতে চায়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগে এবার ডুব দিতে চলেছে দক্ষিণ আফ্রিকাও। এর আগে অবশ্য দুই বার চেষ্টা করেছে, কিন্তু নিজেদের পরিকল্পনায় সফল হয়নি। তবে বোর্ডের আর্থিক ব্যবস্হা ভারী করতে আগামী জানুয়ারিতে নতুন ঘরোয়া টি-২০ লিগ চালু করবে তারা। কিন্তু সেজন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগকে ফেলে দিল শঙ্কার মুখে।
আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। কিন্তু এই সিরিজের সময়সূচি ফ্রাঞ্চাইজি লিগের সূচির সঙ্গে সাংঘার্ষিক। তাই সিরিজটি পেছানোর অনুরোধ করলেও তাতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। উপায় না পেয়ে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে না খেলেই সিরিজের পূর্ণ ৩০ পয়েন্ট পেয়ে যাবে অজিরা।
তাতে বিশ্বকাপের উঠার রাস্তাটা কঠিন হয়ে গেল দক্ষিণ আফ্রিকার জন্য। সুপার লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্হানটা এমনিতেই সুবিধার নয়। ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা। অস্ট্রেলিয়া সিরিজ না খেলায় কোনো পয়েন্ট ছাড়াই তিন ম্যাচ যোগ হতে যাচ্ছে নামের পাশে। লিগে বাকি আছে আরো আটটি ম্যাচ। যেখানে ভারতের বিপক্ষে তিনটি (অ্যাওয়ে), নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি (হোম) ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি (হোম) ম্যাচ খেলবে তারা।
ভারতের অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকতে হবে দক্ষিণ আফ্রিকাকে। গতবারের মতো এবার ওয়ানডে বিশ্বকাপ হবে ১০ দলের। আয়োজক ভারতসহ সুপার লিগে শীর্ষে থাকা আট দল সুযোগ পাবে সরাসরি খেলার। বাকি দুটো জায়গার জন্য বাছাইপর্বে লড়বে ১০টি দল। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বাছাইপর্বের দিকেই ঝঁুকছে বেশি। সুপার লিগে ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ।

প্রত্যাবর্তনটা সুবিধার হলো না তাসকিনের