সাকিবের অভাব পূরণের চেষ্টায় মিরাজ

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৩:০৯

যে কোন সিরিজে সাকিব আল হাসানকে পেলেই বিগলিত বাংলাদেশ দল। আবার তার অনুপস্থিতিতে দলের মাঝে চিন্তার পাহাড়। বাংলাদেশের হয়ে এখন বেছে বেছে ম্যাচ খেলছেন তিনি। দীর্ঘ ১৫ বছর খেলার পর সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঝে মধ্যে বিশ্রাম নিচ্ছেন তিনি।

ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই সমান দক্ষ সাকিব। দুটি ভূমিকাতেই সমানভাবে দলের নির্ভরতা, আস্থা তিনি। টেস্ট, টি-২০ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউ ইয়র্কে চলে গেছেন সাকিব। ওয়ানডে সিরিজ খেলছেন না তিনি। তাকে ছাড়াই গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। তাতে মুখ্য ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। তাতে উন্নতি হয়েছে র্যাংকিংয়েও। এক ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের মধ্যে ছয়ে আছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে মিরাজের পর ১১ নম্বরে আছেন সাকিব।

সাকিবের অবস্থান অপূরণীয় বটে, তবে অলরাউন্ডার হিসেবে অগ্রজের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে চান মেহেদী হাসান মিরাজ। দলের জন্য দুই বিভাগেই অবদান রাখার চিন্তা করছেন তিনি। বোলিংটাই এখন মিরাজের মূল দায়িত্ব। তবে ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে তার কাছে রান আশা করে দল। সেটি জানা আছে এই তরুণের। তাই তো বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অভাব পূরণের স্বপ্নটা নিজের মাঝে লালন করছেন মিরাজ।

গায়ানায় সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সি এ অলরাউন্ডার বলেছেন, ‘এর জন্য আমাকে হয়তো একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। আমি লোয়ার অর্ডারে ব্যাটিং করি। আমাকে একটু বেশি ফোকাসড থাকতে হবে, টিমের রোল যেন গুরুত্বপূর্ণভাবে পালন করতে পারি। দল যদি আমার কাছ থেকে ৩০-৪০ রান আশা করে, আমি যদি ওভাবে দিতে পারি তখন হয়তো একটু সুবিধা হবে টিমের জন্য।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বল হাতে টেস্ট, ওয়ানডেতে নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। টি-২০ তে অবশ্য তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। টেস্টে ৩৫ ম্যাচে ১৮.৭৭ গড়ে ১ হাজার ৮৯ রান, ১৩৫ উইকেট নিয়েছেন এ তরুণ। ওয়ানডেতে ৫৯ ম্যাচে ১৯.০০ গড়ে ৫৭০ রান ও ৬৭ উইকেট নিয়েছেন তিনি।

এটুকু স্পষ্ট, ঠিক সাকিবের মতো না হলেও নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে অলরাউন্ডার মিরাজ হবেন আগামী দিনে বাংলাদেশের বড় ভরসা। তবে এক্ষেত্রে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিংয়ে উন্নতি করা। ব্যাট হাতে তাকে ধারাবাহিক হতেই হবে।

সাকিবের জায়গা পূরণে দুজন ক্রিকেটারকে ব্যবহার করতে হয়। এবং এই আলোচনা সবসময় হয়। মিরাজ বলছেন, পরিস্থিতি মেনে নিয়ে একটা রাস্তা অবশ্যই বের করতে হবে। অফস্পিনিং এই অলরাউন্ডার বলেছেন, ‘উনি যেহেতু খেলছেন না, আমি মনে করি, আমাদের সবার জন্য একটা সুযোগ। আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব সহকারে খেলতে পারি তবে ভালো হবে। উনি থাকলে সব সময় আমাদের জন্য ভালো হয়। বাড়তি সুবিধা থাকে। কিন্তু যেহেতু খেলছে না এর জন্য তো একটা উপায় বের করতে হবে।’

ইত্তেফাক/এসজেড