জসিম উদ্দিন রোডের ফুটওভার ব্রিজটি সংস্কার হবে কবে

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৬:৫১

রাজধানীর উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসিম উদ্দিনে ফুটওভার ব্রিজ দুই মাসেও সংস্কার হয়নি। এমনকি সংস্কারের কোন দৃশ্যমান উদ্যোগও চোখে পড়ছে না। এতে দুর্ভোগে পড়ছেন পথচারীরা। এছাড়া ব্যস্ততম এ মহাসড়ক পারাপার হতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং রাজউক কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ব্যস্ততম এই পয়েন্ট দিয়ে যাতায়াত করে। এতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই এই ফুটওভার ব্রিজ পার হতে হয়। এছাড়া দক্ষিণখান ও উত্তরখান থানা এলাকার হাজার হাজার মানুষও পারাপার হয়। 

পথচারী বিশ্বজিৎ জানান, এখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। কিছুদিন আগে আমার চোখের সামনে এক ভাই রাস্তায় পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ছবি: ইত্তেফাক

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র খাইরুল ইসলাম রাইয়ান ইত্তেফাক অনলাইনকে জানায়, ‘আমার বাসা দক্ষিণখান। আমার বাবা-মা চাকরি করেন। প্রতিদিন এই পথে স্কুলে যাই। অনেক ভয় লাগে। তাই এখানে আগের মতো একটা ওভার ব্রিজ হলে অনেক ভালো হয়।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী আফসার উদ্দিন খান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘ওভারব্রিজটি নিয়ে ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’

ছবি: ইত্তেফাক

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম আল-মামুন ইত্তেফাক অনলাইনকে জানান, ফুট ওভারব্রিজটি আমাদের তত্ত্বাবধানে আছে। উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলছে। ফুট ওভারব্রিজ বিআরটি প্রকল্পের সঙ্গেই বাস্তবায়ন হবে। এটিসহ উত্তরার কয়েকটি ফুট ওভারব্রিজ প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে।

বিআরটি প্রকল্পের টিম লিডার মাহবুব বারী বলেন, ‘বিআরটি-এর প্রকল্প ২০২৩ সালের মার্চ মাসে শেষ হবে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ওভার ব্রিজসহ ২৫টি স্টেশন হবে। এরমধ্যে জসিম উদ্দিনে ফুট ওভার ব্রিজসহ একটি স্টেশন হবে। যেখান দিয়ে যাত্রীরা চলাচল করতে পারবেন। এছাড়া যাত্রীদের চলাচলের সুবিধার জসিম উদ্দিনসহ কয়েকটা স্থানে ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন করা হবে।’

ইত্তেফাক/এএএম