ময়মনসিংহের গৌরীপুরের গত ছয় দিনে একটি হাঁসের খামারের প্রায় সাড়ে তিন হাজার হাঁস মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দিশেহারা হয়ে পড়েছেন ওই খামারি।
জানা গেছে, উপজেলার সহনাটি ইউনিয়নের ধূপাজাঙ্গালিয়া গ্রামের শাহীন মিয়া ৩৮ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ির পাশে হাঁসের খামার শুরু করেন। পরে খামারে আরও টাকার প্রয়োজন হলে বাবা আব্দুস সালাম এক লাখ টাকা ঋণ নিয়ে ছেলের খামারে বিনিয়োগ করেন।
চলতি বছরের মে মাসে তিনি এক লাখ ১২ হাজার টাকা দিয়ে সাড়ে ৩ হাজার হাঁসের বাচ্চা কেনেন। ঈদের পর ওই হাঁস গুলো প্রায় ৫ লাখ টাকায় বিক্রির হওয়ার কথা ছিলো। কিন্তু ঈদের দিন থেকে খামারে মড়ক দেখা দেওয়ায় সোমবার পর্যন্ত প্রায় তিন হাজার দুইশ হাঁস মারা যায়। পরে মৃত হাঁসগুলো মাটিতে পুঁতে রাখা হয়।
আরও পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
শাহীন মিয়া জানান, খামারে মড়ক লাগলে হাঁস গুলো বাচাতে পারিনি। হাসপাতালে গিয়ে ভ্যাকসিন পাইনি। চোখের সামনে হাঁস গুলো মরে গেছে। এখন আমি কিভাবে চলব, কিভাবে ঋণ শোধ করব!
এ বিষয়ে উপজেলা পশু চিকিৎসক ডা. আব্দুল করিম জানান, শনিবার হাসপাতাল বন্ধ ছিলো। প্লেগ রোগের ভ্যাকসিন কিছুটা সঙ্কট থাকায় চাহিদা পাঠানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ না করা ও নিয়ম না জেনে হাঁস পালন করায় অনেক সময় হাঁস রোগাক্রান্ত হয়ে মারা যায়। ওই খামারির হাঁস প্লেগ রোগে মারা গেছে কিনা পরীক্ষা না করে বলা যাচ্ছেনা।
ইত্তেফাক/অনি
