ফুলবাড়ী পৌর শহরের আবাসন সমস্যা সমাধানকল্পে উপ-শহর গড়ে তোলার জন্য শহরের প্রাণকেন্দ্র গৌরীপাড়া এলাকার ১২ একর জমি অধিগ্রহণ করেছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সাড়ে তিন যুগ অতিবাহিত হলেও এখনো উপ-শহর গড়ে ওঠেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ঐ জমিতে শুধু আমন ও ইরি-বোরো চাষাবাদ করা হলে দীর্ঘ ৪৩ বছরে ১ হাজার ৭৬১ মেট্রিক টন ধান পাওয়া যেত। যা চাল আকারে হতো ১ হাজার ১৭৪ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা।
পৌরসভার মেয়র মাহমুদ মো. আলম লিটন বলেন, জায়গাটি পরিত্যক্ত ফেলে না রেখে পৌরসভাকে বরাদ্দ দিলে উন্নয়নমূলক প্রকল্প নেওয়া যেত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী মোর্শেদ আলম বলেন, ঐ জমিতে উপ-শহর নির্মাণের কাজ এগুচ্ছে। আগামীতে প্ল্যানিং কমিশনের প্রতিবেদন অনুযায়ী উপ-শহরের জন্য সাত-আট ক্যাটাগরিতে প্লট নির্মাণ করা হবে। লটারির মাধ্যমে ৫ থেকে ৬ শতাংশ জমির ওপর নির্মিত প্লটগুলো ব্যক্তি বিশেষকে বরাদ্দ দেওয়া হবে।
