নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েয়ে ‘হলি হেলথ হসপিটাল প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি হাসপাতাল।
বকেয়া বেতন ভাতার দাবিতে হাসপাতালের সামনে শুক্রবার সকাল থেকে অবস্থান নেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। হাসপাতালের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা।
হাসপাতাল ভবনের ভাড়া বকেয়া থাকায় ভবন মালিক হাসপাতাল ভবনের গেটে তালা লাগিয়ে দিয়েছেন বলে একটি সূত্র জানায়। ভবন মালিক মো. রাশেদ নিজেও এই হাসপাতালের একজন পার্টনার ও পরিচালনা পর্ষদের সদস্য।
চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ইফতেখার কামাল সাংবাদিকদের জানান, পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ হাসপাতাল। ঈদুল আজহার ছুটিতে বেশিরভাগ কর্মচারী ছুটিতে থাকার সুযোগে এ কাজ করেছেন তারা। কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কেউ এ পরিস্থিতিতে ঘটনাস্থলে আসেননি।
পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান ইত্তেফাককে বলেন, এই হাসপাতালটির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে তিন-চারদিন আগে বিরোধ দেখা দিলে পুলিশের একটি টিম হাসপাতালে যায়। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতাল পার্টনারদের নিজেরা আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার পরামর্শ দিয়ে এসেছিলেন। এই হাসপাতালের পরিচালনা পর্ষদে ৭০ জন সদস্য রয়েছেন। পর্ষদের সদস্য ও পার্টনার মো. রাশেদ হাসপাতাল ভবনটির মালিক। তিনি এই ভবনের বকেয়া ভাড়ার টাকা পরিশোধের জন্য দাবি করছেন।
আন্দোলনকারীরা জানান, কোনো ঘোষণা না দিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দেওয়া হয়। কর্মরত কর্মচারীদের বের করে দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে শতাধিক কর্মচারীর গত জুন মাসের বেতন আটকে যায়।

শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে