বলিউডের ‘গুঞ্জন-মহল’-এ অবসরের কোনও জায়গা নেই। আলিয়ার মা হওয়ার খবরের ঝড় না থামতেই গুঞ্জন ছিল এবার বলিউডে বাবা-মার তালিকায় নাম লেখাতে চলেছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। এমন খবরে শোরগোল বি-টাউন। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দম্পতি।
করোনায় আক্রান্ত হওয়ার পর ক্যাটকেও খুব একটা পার্টি বা অন্য কোনও অনুষ্ঠানে দেখা যায় নি। তাই অনেকেই মনে করছেন মা হওয়ার প্রথম পর্যায়ের সাবধানতার মধ্যেই দিন কাটাচ্ছেন ‘কমলি’। বজায় রাখছেন সামাজিক দূরত্ব। তবে জন্মদিনে আর ঘরে আটকে রাখা গেল না এই দম্পতিকে। প্রিয়তমার ৩৯ তম জন্মদিনের মুহূর্তকে ফ্রেমবন্দি করতে যুগলে পাড়ি দিলেন মলদ্বীপ। মুম্বাই বিমানবন্দরে ঘনিষ্ঠভাবে দেখা গেল তাদের।
ক্যাটরিনার হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। ‘ফোনভূত’-এ ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে ক্যাটকে। ‘টাইগার ৩’ ছবিতে সলমন খানের বিপরীতে কাজ করছেন ক্যাটরিনা। এছাড়াও ‘জি লে জারা’-য় প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভট্টর সঙ্গে পর্দা ভাগ করছেন ক্যাটরিনা।
