ঈদে মুক্তি পেয়েছে শরিফুল রাজের সিনেমা ‘পরান’। এ সিনেমায় তার সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আপাতত সিনেমাটির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। ঘুরছেন দেশের বিভিন্ন হলে হলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কেরাণীগঞ্জের ‘লায়ন সিনেমাসে’ গিয়েছিলো ‘পরান’ টিম।
শো শেষ করেই সিনেমার নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। কারও আবদার ছবি তোলা, কেউ বা চান পর্দার তারকার সঙ্গে একটু কথা বলতে। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ এক দর্শক এসে জড়িয়ে ধরলেন চিত্রনায়ক শরিফুল রাজকে। নাম জানার আগেই ওই দর্শক রাজকে বুকে জড়িয়ে ধরে রীতিমতো কান্না শুরু করেন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এমন ঘটনা শরিফুল রাজের কাছে নতুন। তিনি বেশ উচ্ছ্বসিত; জানালেন, ‘দর্শকদের এমন ভালোবাসায় আমি বিস্মিত, আমার এখনও সব স্বপ্নের মতো মনে হচ্ছে। এই ভালোবাসা সঙ্গী করে আরও ভালো ভালো কাজের সঙ্গী হতে চাই। সেই সঙ্গে দোয়া চাই সবার কাছে, যেন আমাকে এমন ভালোবাসায় আজীবন জড়িয়ে রাখেন।’
হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।
