মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) ভোর পাঁচটার দিকে স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণ হয়। গুলিবিদ্ধ দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান দু'জন আহত হওয়ার কথা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। দু'জন কীভাবে আহত হয়েছেন তা আমরা এখনো বলতে পারছি না। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা সেটাও জানি না। তবে তারা মামুন ও আহমেদ গ্রুপের সমর্থক।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বাসাক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। গুলিতে একজনের পায়ের মাংস উড়ে গেছে। আরেকজনের কিডনি পর্যন্ত দেখা যাচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। মনে হচ্ছে তারা শটগানের গুলিতে আহত।
