ফুলবাড়ীতে জ্বর-সর্দি-কাশি বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে জ্বর, গলা ও মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীদের করোনা পরীক্ষা করালেই পজিটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনীহার কারণে অনেকেই পরীক্ষা করাতে চাইছেন না। ফলে উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগীকে চিকিত্সাসেবা দেওয়া হয়। এরমধ্যে গত এক সপ্তাহ থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে বলে কর্তব্যরত কমিউনিটি উপসহকারী মেডিক্যাল অফিসাররা (সেকমো) জানান।
মাদিলাহাটের পল্লি চিকিত্সক নূরে আলম সিদ্দিক বলেন, গত এক সপ্তাহ থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। এসব রোগীকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হলেও তারা তা করছে আগ্রহী হচ্ছেন না। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বহির্বিভাগের রোগীদের চিকিত্সা প্রদানকারী কমিউনিটি উপ-সহকারী মেডিক্যাল অফিসার আব্দুর রউফ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসা রোগীদের মধ্যে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেশি থাকছে। রোগীদের চিকিত্সাসেবা দানের পাশাপাশি করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হলেও তারা সেটি করছেন না। তাদের সঙ্গে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিত্সক সাজেদুর রহমান সাজু বলেন, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি বেড়েছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকছেন চিকিত্সাসেবার সঙ্গে জড়িত চিকিত্সক, নার্স, ওয়ার্ড বয়সহ কর্মকর্তা ও কর্মচারীরা। এ রেগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তবে চিকিত্সকরা বলছেন, হঠাৎ করে প্রচণ্ড গরমের কারণে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এগুলো সাধারণ সর্দি-জ্বর ছাড়াও করোনা ভাইরাসের লক্ষণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে এখন ঘরে ঘরে সর্দি-জ্বরে আক্রান্তের হার বাড়ছে। অনেকের কাশিও রয়েছে। বিভিন্ন বয়সি মানুষ আক্রান্ত হচ্ছে। করোনার উপসর্গগুলোও একই রকম। তাই অনীহা না করে করোনা পরীক্ষা করতে হবে। এছাড়া যারা এখনো টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়াসহ ঘরে এবং বাইরে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
