টানা আট দিনের ঈদের ছুটি শেষে শনিবার (১৬ জুলাই) থেকে শ্রমিকদের পদচারণায় কর্মমূখর হয়ে উঠেছে সাভার, আশুলিয়া তৈরি পোশাক কারখানাগুলো। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম।
এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক কারখানাগুলোতে কাজের অর্ডার কমে গেছে। এছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্রের কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকরা।
জানা যায়, সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় সহস্রাধিক পোশাক কারখানা। বাংলাদেশি শ্রমিকদের তৈরি করা পোশাক রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। ঈদের ছুটি শেষে শনিবার খুলেছে কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করে কাজে যোগ দিয়েছেন। পুরো দমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে শিপমেন্টের তৈরি করা পোশাক।
