দাদীর সঙ্গে অভিমান, কীটনাশক খেয়ে নাতির মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২২, ২৩:৩৯

মোংলায় দাদীর সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে আবু জিহাদ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।  মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত আবু জিহাদ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমড়াতলা গ্রামের বাবুল শেখের ছেলে। সে গত বছর খুলনার একটি মাদ্রাসা থেকে  কুরআনে হাফেজ পড়া সম্পন্ন করেছেন বলে জানা যায়।

জানা যায়, মৃত আবু জিহাদ গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার বিকেল ৫ টার দিকে বাড়ীতে তার দাদীর সঙ্গে ঝগড়া হয়। সেই ঝড়গার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে দাদীর সাথে অভিমান করে ঘরে থাকা চাউলের পোকা নষ্ট করার কয়েক প্যাকেট কীটনাশক খেয়ে ফেলেন জিহাদ। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল ইসলাম বলেন, কীটনাশক খাওয়া গুরুতর মুমূর্ষু অবস্থায় জিহাদ নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তার পাকস্থলীতে জমা হওয়া কীটনাশক পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়াকালীন তার মৃত্যু হয়। 

ডা. মো. ফয়সাল ইসলাম বলেন, মূলত সামাজিক মূল্যবোধ ও অবক্ষয়ের কারণেই আত্মহত্যার প্রবণতার সৃষ্টি হয়ে থাকে। এছাড়া একাকিত্ব থাকা, পরিবারের সাথে বনিবনা না হওয়াসহ পারিবারিক কলহেই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, উপজেলার আমড়াতলায় জিহাদ নামের এক ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

 

ইত্তেফাক/ইআ