যশোর সদরে নিজেদের মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই চাচাতো ভাইবোন ঘটনাস্থলেই মারা গেছেন। রবিবার সকাল ৭টার দিকে রুপদিয়ার জিরাট গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলো : ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।
কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলেন। তখন তিনি খেয়াল করেননি পিছনে কেউ আছে কি না। গাড়ি পিছনের দিকে নেওয়ার সময় চাকায় বাধা অনুভব করেন। বারবার পেছনের দিকে গাড়ি নিতে গিয়ে বাধা পেয়ে গাড়ি থেকে নেমে দেখেন নিজের মেয়ে জাহিয়া আর ভাইয়ের ছেলে আবু হুরায়রা পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির ব্যাপক আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পাইনি। ইশ! মৃত্যুর আগে কতই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।’
এদিকে একই পরিবারে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারানোর বেদনায় বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে জিরাট গ্রামের কামাল হোসেনের বাড়ির পরিবেশ। তাদের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। একসঙ্গে দুই অবুঝ শিশুর এভাবে চলে যাওয়ায় বারবার মূর্ছা যাচ্ছেন শিশু দুটির মায়েরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি কোল্ড স্টোরেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। রবিবার ভোরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতী ও শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার মৃত ওমর আলীর পুত্র আব্দুল মজিদ (৫২)।
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
দিনাজপুর অফিস জানায়, খানসামা উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। নিহত জাকির হোসেন (২৬) উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে ও আমতলী বাজারের ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে খানসামা ব্র্যাক অফিসের সামনের পাকা সড়কে।
