ক্রমবর্ধমান তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহও দূর হতে পারে।
এদিকে, আষাঢ় মাসের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেটে বৃষ্টির প্রবণতা বেড়েছে। তবে, দেশেব্যাপী তাপমাত্রাও বেড়েছে সমান তালে। শ্রাবণ শুরু হলেও বৃষ্টি নেই।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) নিষ্ক্রিয়তায় বৃষ্টিহীন পরিস্থিতিতে সারাদেশের মানুষই গরমে কষ্ট পাচ্ছে। অনেক অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। যদিও এরই মধ্যে কয়েকটি অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানা গেছে।
