ম্যানইউ ছাড়ার প্রশ্নে সাবেক সতীর্থের ফোন ধরছেন না রোনালদো!

আপডেট : ১৮ জুলাই ২০২২, ২০:৩৫

ম্যানচেস্টার ইউনাইটেডে কি থেকে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি অন্য কোথাও যাচ্ছেন? মাসখানেক ধরেই সংশ্লিষ্ট সবার মুখে এই একটাই প্রশ্ন। গুঞ্জন আরও উসকে দিচ্ছেন রোনালদো নিজেই। ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না বলে আগেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে পর্তুগিজ সুপারস্টার। প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হলেও তাতে এখনো যোগ দেননি রোনালদো। কবে নাগাদ তাকে পাওয়া যাবে, সেটাও জানে না ম্যানচেস্টার ইউনাইটেড‍!

তবে ম্যানইউ ও পর্তুগালের হয়ে খেলা রোনালদোর এক সময়ের সতীর্থ নানি আশা করছেন, তার বন্ধু ওল্ড ট্রাফোর্ডে থেকে যাবেন এবং তাদের আবারও শিরোপা জিততে সহায়তা করবেন। বিষয়টি নিয়ে রোনালদোর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন নানি। কিন্তু পাঁচ বারের ব্যালন ডি অ'র জয়ী ফুটবলার নাকি তার সাবেক সতীর্থের ফোন রিসিভ করছে না! এমনটাই জানিয়েছেন সাবেক রেড ডেভিলস তারকা।

দ্য মিররকে নানি বলেন, ‘যখন সে (ক্রিশ্চিয়ানো রোনালদো) ছুটিতে থাকে, কারোরই ফোনকলের জবাব দেয় না। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সে জবাবে জানিয়েছে, আমি এখন খুব ব্যস্ত। শিগগিরই আমাদের কথা হবে।’

তিনি আরও বলেন, ‘সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন একজন ফুটবলার, যে সবসময় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আমি আশা করি সে ভালো অবস্থায় থাকবে এবং ক্লাবকে সহায়তা করবে। আশা করছি সে থাকবে।’

ইত্তেফাক/টিএ