দিনাজপুরের ফুলবাড়ীতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। গত চার দিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ৮০ টাকা কমেছে। চার দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও রবিবার বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকা কেজি দরে।
একইভাবে দাম কমেছে শজনে ও শসার দাম। ২০০ টাকা কেজির শজনে ১২০ টাকা এবং ৮০ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে।
ফুলবাড়ী পৌর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের শাহিন বিশ্বাস বলেন, ঈদের কয়েক দিন আগে কাঁচা মরিচ কিনেছিলাম ৪৫-৫০ টাকা কেজি দরে। ঈদে কিনতে হয়েছে ২০০ টাকায়। আজকে ১২০ টাকায় এক কেজি মরিচ কিনেছি। দাম আগের মতো স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হবে।
খুচরা মরিচ বিক্রেতা প্রদীপ প্রসাদ ও সুব্রত কুমার বলেন, কয়েক দিন ধরে দাবদাহ বিরাজ করছে। এতে বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া ঈদের সময় মরিচের চাহিদা বেড়ে যাওয়ায় দাম একটু বেড়েছিল। কিন্তু এখন আগের মতো চাহিদা না থাকায় পাইকারি বাজারে মরিচের দাম কমছে।
পাইকারি মরিচ বিক্রেতা আমজাদ হোসেন ও কালুকান্ত দত্ত বলেন, বর্তমানে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে।
