ত্রিশালে মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্টভবন এলাকায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নারীর গর্ভে থাকা নবজাতক বেঁচে যায়।
নিহতরা হলেন- স্বামী জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সানজিদা (৫)। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়।
ত্রিশাল থানার ওসি মো. মাইনুদ্দিন বলেন, ‘সোমবার রাতে সাভার থেকে র্যাবের একটি দল গ্রেফতার করে ঘাতক চালককে। আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায়ে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।’
প্রসঙ্গত, আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর। কিন্তু মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হয়। এসময় ট্রাকের চাপায় জাহাঙ্গীরের স্ত্রী রত্না বেগমের পেট ফেটে নবজাতক সন্তানটি বের হয়ে আসে।
উন্নত চিকিৎসার জন্য শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
