ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ্ খান। ১০০ নম্বরের মূল পরীক্ষায় তিনি পেয়েছেন ৮৭.৭৫। যা মোট নম্বর ১২০ এর মধ্যে ১০৭.৭৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের লেকচার থিয়েটার ভবন থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন আব্দুল্লাহ্। এতে ৬০ নম্বরের এম.সি.কিউ পরীক্ষায় ৫৬.২৫ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় ৩১.৫০ নম্বর পান তিনি।
ফরিদপুরের দয়ারামপুরে বেড়ে ওঠা আব্দুল্লাহ্ লেখাপড়া করেছেন ঈশান ইনস্টিটিউশনে। এরপর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন সরকারি রাজেন্দ্র কলেজে। তার বাবা মো. ছিদ্দিক আলী খান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা দিলরুবা আহম্মেদ সরকারি চাকুরীজীবি। তিন ভাইবোনের মধ্যে আব্দুল্লাহ্ সবার ছোট।
নিজের অর্জন প্রসঙ্গে বলতে গিয়ে এই কৃতি শিক্ষার্থী ইত্তেফাককে বলেন, এটাই চূড়ান্ত নয়, সামনে যাতে আরও ভালো কিছু করতে পারি, সফলতার সাথে চলতে পারি সেটাই প্রচেষ্টা। এই ভালো রেজাল্ট, দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সাফল্যের পিছনে বাবা-মা, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা স্মরণ করলেন তিনি।
আব্দুল্লাহ্’র বাবা ছিদ্দিক আলী খান বলেন, সন্তানের এই সুসংবাদে আমি গর্বিত, আনন্দিত। সে যেন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এটাই সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়া। সেই সাথে দেশবাসীর কাছে আব্দুল্লাহ্’র জন্য দোয়া চান তিনি।
কেবল ‘গ’ ইউনিট নয়, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে চমক দেখিয়েছেন এই মেধাবী তরুণ। সেখানে ৬২তম হওয়ার গৌরব অর্জন করেন। তবে ‘গ’ ইউনিটেই একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভর্তি হবেন বলে জানিয়েছেন এই তরুণ।
