প্রথমে বন্যাজনিত কারণে নেত্রকোনায় আমন বীজতলা তৈরিতে সমস্যা হয়েছিল। এখন প্রচণ্ড খরার কারণে বীজতলা তৈরিতে কৃষকদের হিমসিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেক কৃষক কৃত্রিম উপায়ে জমিতে সেচ দিয়ে বীজতলা তৈরি করছেন।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ৬ হাজার ৮৫১ হেক্টর জমিতে রোপা আমন আবাদের জন্য বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রবিবার পর্যন্ত বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৫ হাজার ৫১৪ হেক্টর।
সিংহের বাংলা ইউনিয়নের কৃষক মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, প্রথমে বন্যাজনিত কারণে বীজতলা তৈরি সমস্যা যেমন হয়েছিল, এখন খরার কারণে বীজতলা তৈরি কিছুটা সমস্যা হচ্ছে। তবে সেচ দিয়ে বীজতলা তৈরি করা হচ্ছে।
এ ব্যাপারে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শাহজাহান সিরাজ বলেন, গত কয়েক দিন রোদ উঠায় কৃষকরা বীজতলা তৈরিতে তত্পর হয়। তবে খরার কারণে পানির সমস্যা হলেও বিশেষ সেচসুবিধা দিয়ে কৃষকরা বীজতলা তৈরি করছে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় রোপা আমন আবাদ শুরু হয়েছে। দুই-চার দিনের মধ্যে বৃষ্টি হলে কৃষকদের আর আবাদের জন্য পানির সমস্যা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
