বন্যাদুর্গতদের একদিনের বেতন দিলেন নৌবাহিনীর সদস্যরা

আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১:৫৬

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৯ জুলাই) গণভবনে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে নৌবাহিনীর সকল সদস্যদের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী। 

ইত্তেফাক/এএইচপি